সর্বশেষ
বিএনপি দায়িত্বে এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধে বেশি গুরুত্ব দেবে: মির্জা ফখরুল |
বিজ্ঞাপন

তৌহিদী জনতার কর্মকাণ্ডে সরকারের ‘প্রচ্ছন্ন সমর্থন’: রুমিন ফারহানা

Admin
বাংলাদেশ
Nov 25, 2025
তৌহিদী জনতার কর্মকাণ্ডে সরকারের ‘প্রচ্ছন্ন সমর্থন’: রুমিন ফারহানা

তৌহিদী জনতার বিভিন্ন কর্মকাণ্ডে সরকারের ‘প্রচ্ছন্ন সমর্থন’ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক–শোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, তৌহিদী জনতা বিভিন্ন এলাকায় বিভিন্ন গ্রুপ হিসেবে সক্রিয় হলেও তাদের প্রত্যেকের ওপর সরকারের এক ধরনের নীরব সমর্থন দেখা যাচ্ছে। তিনি অভিযোগ করেন, গত দুই বছরে দেশে যেসব মব–হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে, সরকার সেগুলোর নিন্দা জানালেও কোনো বাস্তব পদক্ষেপ নেয়নি।

তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে বাউল সম্প্রদায়, আহমদিয়া সম্প্রদায়, নারী ফুটবলার, অভিনয়শিল্পীসহ বিভিন্ন গোষ্ঠীর ওপর হামলার ঘটনা ঘটছে। নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধে চাপ সৃষ্টি, শোরুম উদ্বোধনে অভিনেত্রীদের বাধা দেওয়া— এসবের প্রথম শিকার হচ্ছেন নারীরা। এরপর টার্গেটে থাকছে সংখ্যালঘু সম্প্রদায়।

বিএনপির এই নেত্রী আরও দাবি করেন, গত এক বছরে ৩৮০টির বেশি মাজারে হামলার ঘটনা ঘটেছে, যার কোনোটি এখনো বিচারাধীন নয়। তিনি অভিযোগ করেন, আগের সরকারের সঙ্গে সম্পর্ক থাকার কারণে অনেকের আত্মীয়–স্বজনের বাড়িতেও হামলার ঘটনা ঘটছে।

রুমিন ফারহানার মতে, এসব মব–কর্মকাণ্ডের মাধ্যমে সরকার সুবিধা নিচ্ছে। তার দাবি, রাজনৈতিক দলবিহীন এই সরকার একটি ‘প্রেসার গ্রুপ’কে প্রশ্রয় দিচ্ছে, যাতে তারা সরকারের পক্ষে জনমত তৈরি করতে পারে। তিনি বলেন, 'সরকার যে কথাগুলো বলতে পারে না, যে কাজগুলো করতে চায়, তারা চায় প্রেসার গ্রুপ সেই আওয়াজ তুলুক। আইনশৃঙ্খলা বাহিনীকেও নির্দেশ দেওয়া হচ্ছে যাতে তারা এসব গ্রুপকে বাধা না দেয়।'

তিনি আরও সতর্ক করে বলেন, 'এখন যাদের সুবিধা হচ্ছে, পরিস্থিতি বদলালে তারা নিজেরাও আক্রমণের শিকার হতে পারেন— এটা নিশ্চয়তা দিয়ে বলা যায় না।'