সর্বশেষ
বিএনপি দায়িত্বে এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধে বেশি গুরুত্ব দেবে: মির্জা ফখরুল |
বিজ্ঞাপন

দুধ দিয়ে গোসল করে স্বেচ্ছাসেবক দল থেকে পদত্যাগ করলেন নেতা

Admin
বাংলাদেশ
Nov 23, 2025
দুধ দিয়ে গোসল করে স্বেচ্ছাসেবক দল থেকে পদত্যাগ করলেন নেতা

দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে দলের দুঃসময়ে কাজ করেও সঠিক মূল্যায়ন না পাওয়ায় অবশেষে পদত্যাগ করলেন ঠাকুরগাঁও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতা। দল থেকে নিজেকে ‘পবিত্র’ ও ‘পাপমুক্ত’ করতে তিনি দুধ দিয়ে গোসল করে পদত্যাগ করেন।

​পদত্যাগকারী ওই নেতার নাম মোহাম্মদ তুষার আলী। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।

​রোববার (২৩ নভেম্বর) দুপুরে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খোচাবাড়ি বাজারে নিজ দোকানের সামনে এই ঘটনা ঘটে। দুধ দিয়ে গোসলের পর জনসম্মুখে তিনি তার পদত্যাগের ঘোষণা দেন।

​মোহাম্মদ তুষার আলী দাবি করেন, তিনি সুদীর্ঘকাল ধরে দলের হয়ে কাজ করেছেন এবং বিভিন্ন সময় রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন। কিন্তু বর্তমান সময়ে এসে তাকে কোনো প্রকার মূল্যায়ন করা হয়নি।

​পদত্যাগের কারণ ব্যাখ্যা করে তুষার আলী বলেন, ‘আমি দলের দুঃসময়ে দিনের পর দিন কষ্ট করেছি। নানাভাবে হয়রানির শিকার হয়েছি। তবুও দলের প্রতি নিষ্ঠাবান ছিলাম। কিন্তু যখন বর্তমান সময়ে এসে দেখলাম, আমার এই ত্যাগ ও কষ্টের কোনো মূল্য নেই এবং আমাকে কোনো মূল্যায়ন করা হচ্ছে না, তখন মনে হলো আমার এতদিনের পরিশ্রমটাই বৃথা। এই অমূল্যায়ন আমাকে গভীরভাবে ব্যথিত করেছে।’

​তিনি আরও বলেন, ‘আমার মনে হলো, এতদিনের রাজনীতিতে হয়তো কোনো পাপ জমেছে। তাই আমি বিএনপির এই রাজনীতি থেকে দুধ দিয়ে গোসল করে পবিত্র হয়ে নিজেকে মুক্ত করলাম এবং পদত্যাগ করলাম।’

​এ বিষয়ে জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম বলেন, তিনি আমাদের স্বেচ্ছাসেবক দলের জগন্নাথপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। কি কারণে তিনি আজকে এই পদত্যাগ করেছেন এ বিষয়ে এখন পর্যন্ত আমি জানি না তবে আমি তার সাথে কথা বলে এ বিষয়ে বিস্তারিত বলতে পারব।