একসঙ্গে অনেক মুরগি জবাইয়ের ক্ষেত্রে বিসমিল্লাহ বলার বিধান
একসঙ্গে অনেক মুরগি জবাই করলেও প্রত্যেকটি জবাইয়ের পূর্বে স্বতন্ত্রভাবে বিসমিল্লাহ বলতে হবে। শুরুতে একবার বিসমিল্লাহ বললে শুধু প্রথমটির জবাই সহিহ হবে। পরবর্তী মুরগিগুলোর জবাই সহিহ হবে না এবং সেগুলো খাওয়াও হালাল হবে না।
কারণ পশু-পাখি হালাল হওয়ার জন্য শরিয়তের নির্ধারিত নিয়ম মেনে জবাই করা আবশ্যক। তাই এ দায়িত্বে নিয়োজিত ব্যক্তিকে অবশ্যই প্রতিটি জবাইয়ের পূর্বে বিসমিল্লাহ বলা এবং নির্ধারিত রগগুলো যথাযথভাবে কাটার ব্যাপারে সচেতন হতে হবে।
পশু-পাখির জবাই সম্পন্ন হওয়ার পর তা পুরোপুরি নিস্তেজ হওয়ার আগেই এর কোনো অঙ্গ কেটে ফেললে তা খাওয়া জায়েজ। তবে পুরোপুরি নিস্তেজ হওয়ার আগে জবাইকৃত পশু-পাখির কোনো অঙ্গ কাটা মাকরূহে তাহরিমি। কেননা এতে তাদের অহেতুক কষ্ট দেওয়া হয়। তাই এমন কাজ থেকে বিরত থাকা আবশ্যক।
জবাই সহিহ হওয়ার জন্য একাধিক ব্যক্তি হওয়া জরুরি নয়। একজন ব্যক্তি বিসমিল্লাহ পড়ে কেটে নিলেই জবাই সহিহ গণ্য হবে। তবে একজন জবাই করতে গিয়ে যেন পশুর অধিক কষ্ট না হয় সে দিকে খেয়াল রাখতে হবে।
আর হ্যাঁ, নারীরা মুরগি ইত্যাদি জবাই করতে পারবে।
পশু-পাখি জবাইয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিসমিল্লাহ বলা। জবাইয়ের সময় ভুলে বিসমিল্লাহ ছুটে গেলে জবাই সহিহ হয়ে যায়। বিসমিল্লাহ ভুলে যাওয়ার কারণে জবাইকৃত পশু-পাখি হারাম হয়ে যায় না। তবে ইচ্ছাকৃত ছেড়ে দিলে সে পশু খাওয়া হারাম হয়ে যাবে। সুতরাং এক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ভুলবশত বিসমিল্লাহ না পড়ে জবাই করা সম্পর্কে ইবরাহিম নাখয়ি (রহ.)-কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এতে কোনো সমস্যা নেই।
আর মুসলমান বোবা ব্যক্তির জবাইও সহিহ। যেহেতু সে বিসমিল্লাহ বলতে অক্ষম, তাই বিসমিল্লাহ বলা ছাড়াই তার জবাই সহিহ হবে এবং পশু খাওয়া হালাল হবে।
কোরআনবিষয়ক গবেষক ড. আল-নাজ্জারের ইন্তেকাল
মক্কা নগরীর বিশেষ ১০ বৈশিষ্ট্য
হিজরতের পথে মক্কা থেকে মদিনায় যাওয়ার বিরল অভিজ্ঞতা
উপহার বিনিময়ে সতর্ক থাকা
সাড়ে চার শ বছরের এক দৃষ্টিনন্দন মসজিদ