সর্বশেষ
বিএনপি দায়িত্বে এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধে বেশি গুরুত্ব দেবে: মির্জা ফখরুল |
বিজ্ঞাপন

না ফেরার দেশে চলচ্চিত্র নির্মাতা শেখ নজরুল ইসলাম

Admin
বিনোদন
Nov 23, 2025
না ফেরার দেশে চলচ্চিত্র নির্মাতা শেখ নজরুল ইসলাম

বাংলা চলচ্চিত্রের বরেণ্য নির্মাতা শেখ নজরুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমণ্ডি ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকাল তার বয়স হয়েছিল ৮১ বছর।


তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন নির্মাতা গাজী মাহবুব ও অভিনেত্রী রুমানা ইসলাম।

নির্মাতা গাজী মাহবুব জানান, ‘নির্মাতা শেখ নজরুল ইসলাম ছিলেন আমার ওস্তাদজি। রাতেই নজরুল ইসলামের মরদেহ নিয়ে নাটোরের উদ্দেশ্যে রওনা হবো আমরা।’



রবিবার (২৩ নভেম্বর) নাটোরে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

গত ১৬ নভেম্বর দুপুরে মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হাসপাতালে ভর্তি হলে আইসিউতে নেয়া হয় তাকে। চিকিৎসকরা তাকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণ সময় নির্ধারণ করেন যার মেয়াদ শেষ হয় শনিবার সকাল ১০টায়। শনিবার রাতেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

‘চাঁদের আলো’ সহ একাধিক জনপ্রিয় সিনেমা নির্মান করেন শেখ নজরুল ইসলাম।

নির্মাতা জহির রায়হান ও খান আতাউর রহমানের সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে নাম লেখান তিনি। ১৯৭৪ সালে মুক্তি পায় তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘চাবুক’।

এ ছাড়াও এই নির্মাতার অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘নদের চাঁদ’, ‘এতিম’, ‘নাগিন’, ‘মাসুম’, ‘ঈদ মোবারক’, ‘আশা’, ‘পরিবর্তন’, ‘নতুন পৃথিবী’, ‘দিদার’, ‘সালমা’, ‘বউ শাশুড়ি’, ‘কসম’, ‘বিধাতা’, ‘স্ত্রীর পাওনা’, ‘চাঁদের আলো’, ‘চাঁদের হাসি’, ‘চক্রান্ত’, ‘সিংহ পুরুষ’, ‘সব খতম’ প্রভৃতি।

ষাটের দশকে ‘সাত ভাই চম্পা’ ছবিতে অভিনয় করেন নজরুল ইসলাম।

তিনি ‘লেট দেয়ার বি লাইট’ (অসমাপ্ত) ছবিতে জহির রায়হানের সহকারী হিসেবে কাজ করেন এবং এতে একটি চরিত্রে অভিনয় করেন।