রিয়াদকে পেয়ে রোমাঞ্চিত সোহান, মুশফিককে নিয়ে খুশি শান্ত
বিপিএলের দ্বাদশ আসরের নিলামে অভিজ্ঞ দুই ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে প্রথম ডাকেই কোনো দল কিনতে আগ্রহ দেখায়নি। নিলামের শুরুতে তৃতীয় ক্রিকেটার হিসেবে উঠেছিল মাহমুদউল্লাহর নাম, কিন্তু ছয় ফ্র্যাঞ্চাইজির কেউই প্রাথমিকভাবে সাড়া দেয়নি। শেষ পর্যন্ত নিলামের শেষ দিকে রংপুর রাইডার্স তাকে দলে ভিড়ায়।
নিলাম শেষে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান জানান, অভিজ্ঞদের উপস্থিতি তাদের দলের কম্বিনেশনকে আরও সমৃদ্ধ করবে। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়, দু’জন নয়। আমাদের সবচেয়ে সিনিয়র অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ভাইও রয়েছেন। স্বাভাবিকভাবেই আমার মনে হচ্ছে, কম্বিনেশনটা দারুণভাবে মিলবে। এটা আসলে বেশ স্বস্তির বিষয়ও, কারণ তাদের মধ্যে একজন সিনিয়র আছেন।’
রিয়াদের সঙ্গে একই দলে খেলতে পারার উচ্ছ্বাস জানিয়ে সোহান আরও বলেন, ‘আমি সত্যি বলতে খুব খুশি এবং ভীষণ রোমাঞ্চিত যে রিয়াদ ভাইয়ের সঙ্গে একসাথে খেলতে পারব। কারণ ফার্স্ট ক্লাস বা প্রিমিয়ার লিগ-সবই আমরা একই সময়ে শুরু করেছিলাম। তাই তার সঙ্গে একই দলে খেলতে এবং একই দলের অংশ হতে পারা আমার জন্য খুবই ভালো লাগার বিষয়।’
রংপুর ও রাজশাহীর সিদ্ধান্তে কৃতজ্ঞতা জানিয়ে সোহান মন্তব্য করেন, ‘মুশফিক ভাই, রিয়াদ ভাই বা আমাদের অন্যান্য সিনিয়ররা- বাংলাদেশের ক্রিকেটকে এক ধাপ থেকে আরেক ধাপে তুলে দিয়েছেন। স্বাভাবিকভাবেই আমরা রংপুর ম্যানেজমেন্ট থেকে এটা ভেবেছিলাম। রাজশাহীকেও ধন্যবাদ দিতে চাই, কারণ তারাও একইভাবে ভেবে মুশফিক ভাইকে দলে নিয়েছে। আমাদের হাতে সুযোগ থাকলে হয়তো দু’জনকেই নিয়ে নিতে পারতাম। তবুও ভালো লাগছে আলহামদুলিল্লাহ, মাঠে আমরা একসাথে খেলতে পারব।’
অন্যদিকে, প্রায় এক যুগ পর আয়োজিত নিলামে অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমকে দলে নেয় রাজশাহী ওয়ারিয়র্স। সরাসরি চুক্তিতে আগেই দলে থাকা নাজমুল হোসেন শান্ত জানান, সিনিয়র এই ব্যাটারকে দলে টানার সিদ্ধান্ত ছিল ম্যানেজমেন্টের সমন্বিত ভাবনা।
শান্ত বলেন, ‘আমাদের এত বড় খেলোয়াড়, যিনি এত বছর ধরে বাংলাদেশ ক্রিকেটকে সেবা দিয়েছেন। তাকে দলে নেওয়ার ইচ্ছা অবশ্যই ছিল। টিম ম্যানেজমেন্ট, কোচ ও মালিক সবার সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতেই আমরা মুশফিক ভাইকে দলে নিয়েছি। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় এবং আমি মনে করি তিনি আমাদের দলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’
প্রথম ডাকে দল না পেলেও ক্যাটাগরি অপরিবর্তিত রেখে তাকে পরবর্তীতে দলে নেওয়ায় রংপুর ও রাজশাহীর সিদ্ধান্তকে সম্মান জানান শান্ত। তিনি বলেন, ‘আমার মনে হয়, এটা সত্যিই খুব ভালো সিদ্ধান্ত। অবশ্যই সম্মান দেওয়া উচিত। আর বিসিবি ও রংপুর দলের কথা বিশেষভাবে বলতে চাই, কারণ এই বার্তাটি প্রথমে রংপুর থেকেই এসেছে। তাই রংপুরকে ধন্যবাদ। আমার কাছে মনে হয়, এটা খুব ভালো একটি সিদ্ধান্ত ছিল।’
ফাইনালে ভারতের কাছে হার হিমু-বন্যার, রুপা জিতল বাংলাদেশ
ভোরের নাশতা, আগে বাসে ওঠা—মুশফিকের পেশাদারত্বে মুগ্ধ আয়ারল্যান্ডের কোচ
এটাই ‘শক্তিশালী’ স্কোয়াড, সুযোগ দেখছেন জামাল
ভারত ম্যাচে পোস্টের নিচে মিতুলেই আস্থা কাবরেরার
মিরপুর টেস্ট: ভালো খেলতে খেলতে আউট হয়ে গেলেন সাদমান